ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দেওয়ানগঞ্জে সাঁকো উল্টে নিহত ৫ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা

দেওয়ানগঞ্জে সাঁকো উল্টে নিহত ৫ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা
×

ছবি: সমকাল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২১:৪৭

দেওয়ানগঞ্জে ভাসমান সাঁকো উল্টে পানিতে ডুবে নিহত ৫ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

এর আগে শনিবার ঈদের দিন বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে নির্মিত ভাসমান সাঁকো মানুষের চাপে উল্টে যায়।

এতে পানিতে ডুবে নিহত হয় বেলতলী রেলগেইটপাড় এলাকার হাবিব উল্লাহর ছেলে আবির হাসান, চরডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি ও ছেলে মিয়াদ হাসান এবং ঝালরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা আক্তার ও ছেলে আব্দুল মোতালেব।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে নিহত প্রত্যেক অভিভাবকের হাতে নগদ ৫০ হাজার টাকা টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া নিহত প্রত্যেক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, প্রতিমন্ত্রীর পরিবারের পক্ষে তৌফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন।

নগদ টাকা বিতরণের সময় তৌফিকুল ইসলাম বলেন, আওয়ামী সরকার আমলে তৎকালীন স্থানীয় মেয়র ড্রাম দিয়ে এই ভাসমান সাঁকো নির্মাণ করেন। এতে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা ছিল না বলে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ওই স্থানে স্থায়ী সেতু নির্মাণ করবেন বলে জানিয়েছেন। সেতুটি নির্মিত হলে এমন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, থানার সামনে ভাসমান সাঁকো উল্টে পাঁচ শিশু নিহতের ঘটনাকে দেওয়ানগঞ্জে ঈদ ট্রাজেডি বলা যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এই প্রত্যাশা তাদের। ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×