গফরগাঁওয়ে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল আহ্বায়ককে অব্যাহতি
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৬:২১
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও উত্তেজনার জেরে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতে সমকালকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তিনি এ পত্রে স্বাক্ষর করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার গফরগাঁও সরকারি কলেজ এলাকায় একটি বালুঘাট দখলকে কেন্দ্র করে মুক্তার হোসেন ও তার সমর্থকদের সাথে স্থানীয়দের বিরোধের সূত্রপাত হয়। বুধবার স্থানীয়দের বাধার মুখে ফিরে আসলেও বৃহস্পতিবার মোটরসাইকেল বহর নিয়ে পুনরায় সেখানে যান মুক্তার হোসেনের অনুসারীরা।
অভিযোগ রয়েছে, এ সময় তার অনুসারীরা এক নৌকার মাঝিকে মারধর করে আহত করেন এবং একটি নৌকায় অগ্নিসংযোগ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। উত্তপ্ত পরিস্থিতিতে পালানোর সময় মুক্তার হোসেনের লোকজনের অন্তত ১০-১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ জানান, বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ছাত্রদল নেতা
- অব্যাহতি
