ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হুঁশিয়ারি বিসিসি প্রশাসক শিরীনের

কর্মকর্তা-কর্মচারীর নামে স্টল বরাদ্দ নিলে ব্যবস্থা

কর্মকর্তা-কর্মচারীর নামে স্টল বরাদ্দ নিলে ব্যবস্থা
×

বরিশাল নগর ভবনের সভাকক্ষে শুক্রবার বক্তব্য দেন নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ২১:০৯

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্টল যদি কোনো কর্মকর্তা-কর্মচারীর নামে বরাদ্দ নেওয়া হয়, তাহলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার রাজস্ব বিভাগের পাঁচটি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ হুঁশিয়ারি দিয়ে বিসিসির রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন।

সভায় অংশ নেওয়া ট্রেড লাইসেন্স শাখার পরিদর্শক আনিচুর রহমান জানান, প্রশাসক গ্রাহক হয়রানি না করে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন। তাঁর শাখার লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ কোটি টাকা। গত ৯ মাসে চার কোটি ১২ লাখ টাকা আদায় হয়েছে বলে প্রশাসককে জানিয়েছেন।

প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন সভায় অভ্যন্তরীণ জটিলতা দ্রুত নিরসনের তাগিদ দিয়ে বলেন, ‘আগে কী হয়েছে, তা জানতে চাই না। আগে যা হয়েছে, কাল থেকে সেটা যেন আর না হয়।’

হাটবাজার শাখায় স্টল বরাদ্দ নিয়েও আলোচনা হয়। এ সময় কোনো কর্মকর্তা-কর্মচারীর নামে স্টল থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রশাসক।

নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান প্রমুখ।

সভায় যানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ যানবাহন রোধে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়। লাইসেন্সধারী সাত হাজার ৬১০টি ব্যাটারিচালিত যানের মধ্যে মাত্র ৩৫০টি নবায়ন করায় অংশগ্রহণকারীরা হতাশা প্রকাশ করেন। এ সময় যানবহন শাখার কর্মকর্তারা বলেন, সর্ষের মধ্যে ভূত রয়েছে। এখানে বিট বাণিজ্য হয়। এগুলোর চলাচল ঠেকাতে তারা ট্রাফিক বিভাগের সহায়তা চান।

আরও পড়ুন

×