তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা করেন সুজাত: র্যাব
ট্রাকচালক সুজাত আলী
যশোর অফিস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৯:৩২
সন্ধ্যা ৬ টা থেকে রাত ২টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেও না পেয়ে ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপায় হত্যা করেন ট্রাকচালক সুজাত আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক এ তথ্য জানিয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শনিবার দিবাগত রাত ২টার দিকে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর নড়াইলে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপায় হত্যা করা হয়। এ ঘটনায় আজ ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। বিকেল সাড়ে চারটার দিকে শ্বশুরবাড়ি যশোরের বাঘারপাড়া থেকে আটক করা হয়। আর দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
সন্ধ্যায় র্যাব-৬ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুজাত। এবং প্রকাশ্যে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন তিনি। পরে রাত ২টার দিকে যখন পাম্প ম্যানেজার ও তার বন্ধু জিহাদুল মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন তখন সুজাত তাকে ট্রাক দিয়ে ধাক্কা দেন। এ সময় ম্যানেজার নাহিদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আর জিহাদুল গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইলে জেলা হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। পরে ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে রেখে আত্মগোপনে বাঘারপাড়ায় শ্বশুর বাড়িতে চলে যান সুজাত।
