লঞ্চে জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
হাসপাতালে পৌঁছানোর আগেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি হাশিমপুর লঞ্চে জন্ম নিয়েছে এক মেয়েশিশু। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মতলব উত্তর একলাশপুর থেকে চাঁদপুর আসার পথে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রসূতি ফাতেমা আক্তারকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন লঞ্চ কোম্পানির মালিক আবুল ও মাহবুব। শিশুটির জন্য আজীবন সেই লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দিয়েছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার রুহুল আমিন।
চাঁদপুর নৌ থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এমভি হাশিমপুর লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে মোহনপুরের একলাশপুর ঘাটে ভিড়ে। ওই সময় মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের মেঘনার পশ্চিমপাড় চিরারচর গ্রামের আল আমিন প্রধানিয়ার স্ত্রী ফাতেমা বেগম চাঁদপুরে জেনারেল হাসপাতালে যাওয়ার জন্য ওই লঞ্চে ওঠেন। সকাল ১০টার দিকে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসতেই লঞ্চের নিচতলার সিটের একটি চেয়ারে বসে থাকা ফাতেমার প্রসববেদনা ওঠে। লঞ্চের নারী যাত্রীদের সহায়তায় সেখানেই ফাতেমা একটি কন্যাসন্তান প্রসব করেন। লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছলে ঘাট সুপারভাইজার রুহুল আমিন ও চাঁদপুর নৌ থানা পুলিশের একটি টিম প্রসূতি ও নবজাতককে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় সঙ্গে ছিলেন ফাতেমা আক্তারের স্বামী ও আত্মীয়স্বজন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুর রহমান জানান, তাদের গাইনি ওয়ার্ডে ভর্তি করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। তবে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁর চিকিৎসা চলছে। রক্ত দেওয়াসহ সব রকম ওষুধপত্র সরবরাহ করছেন তারা।
ফাতেমা আক্তারের সঙ্গে থাকা তাঁর ছোট ভাই জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে। বোনকে মতলব উত্তর চিরারচরে বিয়ে দেওয়া হয়েছে। তাঁর বোনের প্রসবব্যথা উঠলে ট্রলারে মেঘনা পাড়ি দিয়ে প্রথমে একলাশপুর আনা হয়। চাঁদপুর হাসপাতালে আনার জন্য সেখান থেকে ওই লঞ্চে ওঠেন এবং লঞ্চেই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। এটি ফাতেমা আক্তারের তৃতীয় সন্তান।
লঞ্চের ঘাট সুপারভাইজার রুহুল আমিন বলেন, লঞ্চের ভেতর একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন ফাতেমা আক্তার। এই খুশিতে শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দিয়েছেন তারা। এ ঘটনায় লঞ্চে মিলাদের ব্যবস্থাও করেছেন।
- বিষয় :
- জন্মদিন
