ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
×

ফাইল ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২০:২৬

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পারভেজ (১৫) নামের এক কিশোর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ (৪৭) ও করমজা ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম হোসেন (৪৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।

স্থানীয় সুত্রে  জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আবু সাইদ সোনাতলা গ্রামের মাঠে পেঁয়াজ তুলতে যান। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় তার শরীরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় একই গ্রামের রাজা হোসেনের ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

একইদিন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের আকরাম হোসেন তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

করমজা ইউপি সদস্য ফারুক হোসেন আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×