ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতংক নয়: হুইপ বকুল

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতংক নয়: হুইপ বকুল
×

নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২১:২৭

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, আয়কর দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। এই ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে কর ফাঁকি রোধ করার পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে টিআইএন করা নিয়ে এক ধরনের ভীতি কাজ করে।

তিনি বলেন, মানুষ মনে করে করদাতা হলে তারা কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার হবে। কিছু কর্মকর্তাদের অতিউৎসাহী আচরণ ও অসততার কারণেই নতুন করদাতা তৈরি হচ্ছে না, যা দেশের অর্থনীতির জন্য শুভ নয়। ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতংক নয়।

বৃহস্পতিবার নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

কর প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রকিবুল ইসলাম বকুল বলেন, প্রায়ই দেখা যায় বড় ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন, অথচ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর কর কর্মকর্তারা অন্যায্য চাপ সৃষ্টি করেন। এই বৈষম্য দূর করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতংক নয়। সাধারণ মানুষকে ট্যাক্সের টাকা কোথায় ব্যয় হয় তা সহজ ভাষায় বোঝাতে হবে এবং বেশি বেশি ক্যাম্পেইন করে সচেতনতা বাড়াতে হবে। করদাতাদের পুরস্কৃত করার মাধ্যমে করদানে উৎসাহিত করার পরামর্শও দেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, পদ্মা সেতু হওয়ার পরে মনে হয়েছিল, খুলনার ভাগ্য ফিরে যাবে। এখানে শিল্পায়ন হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। সুন্দরবনকে কেন্দ্র করে খুলনাকেন্দ্রিক পর্যটন হওয়া দরকার। মোংলা বন্দরকে কেন্দ্র করে আরও অবকাঠামো তৈরি করা দরকার। দেশে আমদানি করা সব গাড়ি মোংলা বন্দর থেকে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, গত ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্নের শেষ দিন ছিল। এ পর্যন্ত অনলাইনে রিটার্ন পড়েছে প্রায় ৪৩ লাখ, অফলাইনে পড়েছে ৩ লাখ। অটোমেটেড না হওয়া পর্যন্ত অডিট কার্যক্রম বন্ধ রেখেছিলাম। সম্প্রতি নৈর্ব্যক্তিক উপায়ে ২০০ জনের রিটার্ন যাচাই শুরু হয়েছে। আগামী সপ্তাহে ৬০ হাজার নতুন আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই করব। সম্পূর্ণ নৈর্ব্যক্তিক উপায়ে এটা করা হবে, কারও হয়রানি ও টার্গেট হওয়ার আশংকা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।

আরও পড়ুন

×