গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
প্রতীকী ছবি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:২৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)।
নিহত সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরো একজন।
খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় শিক্ষক তাওহীদ আনোয়ার রাসেল ঘটনার সততা নিশ্চিত করে বলেন, দুপুরে শামসুল ইসলামের সঙ্গে একটি নতুন টিনশেড ঘরের বেড়ার নির্মাণ কাজে অংশ নিয়ে ছিলেন সাকিব ও তার ফুফা আব্দুল জব্বার। কাজ করার সময় অসাবধানতাবশত টিনের বেড়ার আঘাতে বাড়ির আঙিনায় থাকা বিদ্যুৎ লাইনের তার কেটে যায়। এতে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল জব্বার ও শাকিবকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মারা যায়।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত
