ক্লাসে সিলিং ফ্যান খুলে পড়ে আহত দুই শিশু শিক্ষার্থী
ফাইল ছবি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:০৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ০৯:০৭
| প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে রড ভেঙে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামের ৮১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ক্লাসরুমে পাঠদানের সময় এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলো শ্রীরামকাঠি ইউনিয়নের কালীবাড়ি এলাকার সঞ্জীব সমদ্দারের ছেলে সৌভিক সমদ্দার (১১) ও রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)।
বিদ্যালয়ের শিক্ষক রিক্তা মণ্ডল বলেন, আমি গণিতের ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ একটি শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি, ফ্যান ভেঙে দুই শিক্ষার্থীর মাথার ওপর পড়েছে। এতে তারা আহত হয়। তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নিগ্ধা রানী জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে পাঠদান চলছিল। ওইদিন ক্লাস চলাকালে তৃতীয় শ্রেণির কক্ষের রড ভেঙে সিলিং ফ্যান খুলে পড়ে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফা কায়সার জানান, আহত দুই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- আহত
- সরকারি প্রাথমিক বিদ্যালয়
