জুলাই ফাইটার্সের মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্রনেতারা
লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের উত্তেজনা চলছে। রোববার প্রশাসনের ১৪৪ ধারা ভেঙে মিছিল করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তখন ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে প্লাটফর্মের জেলা আহ্বায়ক আরমান হোসাইন বলেন, ‘আমাদের কর্মী ফাহিমের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, সেখানে অযৌক্তিকভাবে ১৪৪ ধারা জারি করা হয়।’
প্লাটফর্মটির মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ দাবি করেন, ১৪৪ ধারা জারির আগে তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে হঠাৎ ছাত্রদল সমর্থিত লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে জুলাই ফাইটার্স। সেখানে সংগঠনটির নেতা নাসিরুজ্জামান রাহাত অভিযোগ করেন, রোববার তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। ১৪৪ ধারা জারির পরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যান। তারা শহরে অরাজক পরিস্থিতি তৈরি করেছে ও পুলিশের ওপরও হামলা চালিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
- বিষয় :
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
