ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, থানায় হামলা

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, থানায় হামলা
×

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১২:২৭

| প্রিন্ট সংস্করণ

সাভারে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা। এ সময় হাইওয়ে থানায় হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাড়কে হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। 

হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অটোরিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সাভার হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা উত্তেজিত হয়ে হাইওয়ে থানায় হামলা চালান। হামলায় দুই পুলিশ সদস্য, থানার দুই কর্মী এবং একজন পথচারী আহত হন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন আরিফুল ইসলাম, মহসীন ইসলাম, মোশারফ হোসেন, রহমত সরদার। আহত পথচারীর নাম জানা যায়নি।

অন্যদিকে অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে অটো চলাচলের মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২৬শ টাকা অটোরিকশাপ্রতি হাতিয়ে নিচ্ছে। এর পরও মহাসড়কে যাত্রী ওঠানামা করলে গাড়ি আটক করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহাজাহান আলী বলেন, থানা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে অজ্ঞাত একশ থেকে দেড়শ জনের বিরুদ্ধে মামলা করা হবে।

কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন ইনজেনিটেক্স বিডি লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে রেখেছেন। এর মধ্যে ঈদ চলে গেছে, কিন্তু বোনাস দেওয়া হয়নি। তাই অবিলম্বে দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

অবস্থান কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে বাইপাইল এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

অন্যদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কারখানার সামনে অবস্থান নেন। একই সময়ে কাঠগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। 

আরও পড়ুন

×