ধর্মঘট প্রত্যাহার
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু
ছবি- সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১২:২০
ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে আগামী ৪ নভেম্বর আলোচনার সুযোগ দেওয়ায় এবং বাংলাদেশ কাস্টমস বিভাগের নতুন নির্দেশনা সাময়িকভাবে স্থগিত করায় ধর্মঘট প্রত্যাহার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক পাঠানো শুরু করেন তারা।
এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রাখে ভারতীয় পক্ষ। মাদক চোরাচালান ঠেকাতে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ট্রাকচালকদের বন্দরে অবস্থানের নির্দেশ দেওয়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেন ভারতীয় ট্রাকচালকেরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল হোসেন। তিনি জানান, সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে একে একে ৬৩টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব ট্রাকে নারকেল, পাথরসহ বিভিন্ন পণ্য ছিল।
কামাল হোসেন আরও জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও আকস্মিকভাবে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় বন্দরের কর্মীদের কাজের চাপ বেড়ে যায়। এতে বন্দর পরিচালনায় কিছুটা হিমশিম খেতে হয়। তবে ছুটির দিনেও বন্দরের ভেতরে পণ্য খালাস ও অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।
সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখার স্বার্থে নতুন নির্দেশনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে আগের নিয়মে ভারতীয় ট্রাকচালকেরা পণ্যবাহী ট্রাক বন্দরে রেখে ভারতে ফিরে যেতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, মহদীপুর ল্যান্ড কাস্টমসের সুপারের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে আগামী ৪ নভেম্বর সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় দুই দেশের মধ্যে যৌথ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ ও বাণিজ্যিক পণ্যসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতীয় রপ্তানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের নতুন নির্দেশনাটি স্থগিত রাখা হয়েছে।
- বিষয় :
- সোনামসজিদ স্থলবন্দর