ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাফের আগে খেলা হচ্ছে না প্রস্তুতি ম্যাচ

সাফের আগে খেলা হচ্ছে না প্রস্তুতি ম্যাচ
×
×

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১২:৪৬

৫-১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে থমাস ডুলির দল। টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি সময় নেই। বাংলাদেশ দল অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। সাধারণত এত বড় টুর্নামেন্টের আগে কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা। কিন্তু এখন ফিফা উইন্ডো না হওয়ায় প্রতিপক্ষ পাওয়া যাচ্ছে না। তাই প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নয় বলে গতকাল সমকালকে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘সত্যি কথা বলতে যে সময় আছে, এই সময়ের মধ্যে কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নয়। কারণ সময়টা তো ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না। আপনার সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে ফিফা উইন্ডোর বাইরে। আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু ফিফা উইন্ডোর বাইরে বলে কোনো দেশই ঢাকায় এসে ম্যাচ খেলতে রাজি হয়নি।’ দেশ তো দূরের কথা কোনো ক্লাবের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। আগামীকাল বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে জামাল–তপুদের। 

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর সঙ্গে শমিত সোমের খেলা নিয়েও সংশয় ছিল। শেষ পর্যন্ত হামজা আসতে না পারলেও শমিত যে খেলবেন, তা নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ আসরে খেলতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত। তিনি এমন সময় ঢাকায় এসেছেন, যে সময় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল ভূঁইয়া-মিতুল মারমারা। শমিত আজ জাতীয় দলের সঙ্গে অনুশীলনে নামবেন। 

ফিফা উইন্ডো না হওয়ায় হামজা চৌধুরীও শেফিল্ড ইউনাইটেড থেকে ছাড়পত্র পাচ্ছেন না। ৮ কিংবা ৯ নভেম্বর ইংলিশ প্রবাসী এ ফুটবলারের ঢাকায় আসার কথা। সে হিসেবে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে খেলবেন হামজা। তাঁর সঙ্গে সেই সময় যোগ দেওয়ার কথা ফারহানেরও। খেলার বাইরেও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন হামজা। গাজায় ইসরায়েলের হামলায় মানবেতর জীবনযাপন করা ফিলিস্তিন শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার সেখানকার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহের কথা জানিয়েছেন।

আরও পড়ুন

×