লাঞ্চের আগে নাঈমের আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১২:১৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ১২:২৪
দিনের শুরুতে আগের দিনের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল ও গ্রিভস শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন।
একপর্যায়ে ফিফটি তুলে নেন চন্দরপল। তবে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর রোস্টন চেজকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন গ্রিভস। দুজনের জুটি ভাঙতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ২৭ রানে থাকা চেজকে ফিরিয়ে দেওয়ার সুযোগও তৈরি করেছিলেন নাঈম। কিন্তু শর্ট লেগে তাঁর ক্যাচ নিতে পারেননি মুমিনুল হক।
তবে লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৪৬ রান করা গ্রিভস।
এর মধ্য দিয়ে ৫১ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু পেল বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।
প্রথম সেশনে শুরুতে কিছুটা নিয়ন্ত্রণ হারালেও শেষ দিকে উইকেট তুলে নিয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ