ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিরিক্ত খাজনা আদায়, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

অতিরিক্ত খাজনা  আদায়, ক্ষুব্ধ   ব্যবসায়ীরা
×

মেহেরপুরে ইজারাদার কর্তৃক অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার শহরের বড়বাজার কাঁচামাল আড়তে ব্যবসায়ীদের বিক্ষোভ সমকাল

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:২০

| প্রিন্ট সংস্করণ

মেহেরপুর শহরের বড়বাজার কাঁচামাল আড়তে পৌর কর্তৃপক্ষ নির্ধারিত হার থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে ইজারাদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে বড়বাজার কাঁচামাল আড়ত-সংলগ্ন সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

পরে বড়বাজার কাঁচামাল আড়তে আয়োজিত সংবাদ সম্মেলনে তহবাজার ব্যবসায়ী সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত হারের চেয়ে ৫ থেকে ৭ গুণ বেশি খাজনা আদায় করছেন ইজারাদারের লোকজন। অতিরিক্ত খাজনা আদায় বন্ধে মেহেরপুর পৌরসভা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। 
সংবাদ সম্মেলনে তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, প্রতি কুইন্টাল কাঁচামাল পণ্যে হাট-বাজার ইজারাদার কর্তৃপক্ষ ৭-১০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৩৫-৪০ টাকা। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধের উপক্রম হবে। বাংলা ১৪৩৩ সনের খাজনা রেট অনুমোদন না হওয়ায় ১৪৩২ সন অনুসারে খাজনা আদায়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন হাফিজুর রহমান। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়ে পৌর ও বাজার কর্তৃপক্ষকে হুঁশিয়ারি জানান তিনি। 

অভিযোগ অস্বীকার করে ইজারাদার সাজ্জাদ হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত হারেই খাজনা নেওয়া হচ্ছে। বেশি নেওয়া হচ্ছে না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ব্যবসায়ী ও ইজারাদারদের হাতে পণ্যের খাজনার তালিকা তুলে দিয়েছে। পৌরসভা নির্ধারিত খাজনার হার দেখে বাজার ইজারা নিয়েছেন তিনি। ব্যবসায়ীরা নির্ধারিত হারে খাজনা না দিলে তাদের লোকসান হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অতিরিক্ত খাজনা নেওয়া হলে বিষয়টি পৌর পরিষদ বুঝবে।
এ বিষয়ে মেহেরপুর পৌরসভার প্রশাসক পার্থপ্রতিম শীল বলেন, এর আগে দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে। আবারও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুন

×