সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এতে এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তামুক্ত হয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান।
স্থানীয় সূত্র জানায়, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ছয় দিন আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানতে পারে, তাদের ফরম পূরণ হয়নি। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও প্রকাশ পায়। বিষয়টি নজরে এলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪০ জন। এর মধ্যে একজনের ফরম পূরণ সম্পন্ন থাকলেও বাকি ৩৯ জনের ফরম পূরণ হয়নি। পরে শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কাজ সম্পন্ন করা হয়।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায়, নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছিল। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও মানসিক চাপের মধ্যে থাকতে হয়েছে। ফরম পূরণ হওয়ায় এখন দুশ্চিন্তামুক্ত হওয়া গেছে।
কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, ‘কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়েছিল, তা স্পষ্ট নয়। বিষয়টি জানার পর কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে দ্রুত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে।’ তিনি জানান, গতকাল শুক্রবার অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা
করা হয়েছে। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।’
- বিষয় :
- ফরম পূরণ
