বৈদ্যুতিক কাজের সংস্কারে কষ্ট আরও বেড়েছে
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:২১
| প্রিন্ট সংস্করণ
সিলেটে বিদ্যুতের ঘাটতি গত সপ্তাহে প্রতিদিন ছিল ৩০ ভাগ। চলতি সপ্তাহের শুরুতেই তা ৪০ ভাগে পৌঁছেছে। কোথাও কোথাও এটি ৫০ ভাগের কোটায়। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন।
জানা গেছে, গ্রামাঞ্চলের অবস্থা বেশি নাজুক। এতে গৃহস্থালি কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা লোডশেডিং করা হলেও চলতি সপ্তাহের শুরুতেই তা বেড়েছে।
এদিকে লাইনের সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। বিভিন্ন ইস্যুতে মাঠে থাকা সংগঠন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের জানিয়েছেন, ঘন ঘন লোডশেডিংয়ের মাঝে এলাকাভিত্তিক বারবার সংস্কার ও মেরামত কাজের জন্য ৪ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এটা হচ্ছে মড়ার উপর খাঁড়ার ঘা।
বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, সারা বছরই নগরীর বিভিন্ন ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন, ট্রান্সফরমার মেরামত, উন্নয়ন ও গাছপালার ডাল কাটার কাজ চলে। প্রতি সপ্তাহে কোনো কোনো ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
সূত্র জানায়, চলতি সময়ে সবচেয়ে বেশি কাজের জন্য সরবরাহ বন্ধ রাখছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। এ বিভাগ থেকে গত শনিবার নগরীর ২৬টি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সর্বশেষ রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১০টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রয়োজনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
- বিষয় :
- বৈদ্যুতিক বাতি
