তিতাস গ্যাস ফিল্ডে গভীর কূপ খনন শুরু
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৯:৩৫
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়েছে। ‘তিতাস-৩১’ নামের পাঁচ হাজার ৬০০ মিটার গভীর এই কূপটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে গভীর গ্যাসকূপ হতে যাচ্ছে।
আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় এই খননকাজ উদ্বোধন করা হয়। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় চীনের খনন ঠিকাদারি ড্রিলিং প্রতিষ্ঠান সিসিডিসির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে এর আগে পাঁচ হাজার ৬০০ মিটার গভীর কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। সে হিসেবে এটিই দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ। এই কূপ থেকে চারটি স্তরে গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।’
বিজিএফসিএল সূত্র জানায়, ৫৯৪ কোটি টাকা ব্যয়ে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের প্রকল্পের অংশ হিসেবে তিতাস-৩১ কূপটি খনন করা হচ্ছে। এটি সম্পন্ন হতে প্রায় সাত মাস সময় লাগবে। ভূতাত্ত্বিক (জিওলজিক্যাল) বিশ্লেষণের ভিত্তিতে অতিচাপ অঞ্চলের (ওভারপ্রেশার জোন) নিচে তিন হাজার ৭০০ থেকে পাঁচ হাজার ৬০০ মিটার গভীরতায় চারটি সম্ভাবনাময় স্তরে এই অনুসন্ধান চালানো হবে। এর মাধ্যমে নতুন গ্যাসের মজুত, বিস্তৃতি ও সম্ভাবনা নির্ধারণ করা সম্ভব হবে।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বলেন, ‘তিতাতসহ বিজিএফসিএল পরিচালিত অন্যান্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরনো কূপের ওয়াকওভার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করতে পারলে জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে। জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিএফসিএল পরিচালিত তিতাস গ্যাসক্ষেত্রের উৎপাদনে থাকা ২২টি কূপ থেকে বর্তমানে দৈনিক ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ হ্রাস পেয়েছে দেশের প্রাচীন এই গ্যাসক্ষেত্রের সব কূপে। এতে কমেছে কাঙ্ক্ষিত উৎপাদন। এর পরিপ্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে খনন করা হচ্ছে দুটি গভীর অনুসন্ধান কূপ।
- বিষয় :
- তিতাস গ্যাস
- ব্রাহ্মণবাড়িয়া
- পেট্রোবাংলা
