ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু হত্যা রহস্য ঘনীভূত, তথ্য সংগ্রহে বাধার  মুখে তিন সাংবাদিক 

শিশু হত্যা রহস্য ঘনীভূত, তথ্য সংগ্রহে বাধার  মুখে তিন সাংবাদিক 
×

ছবি-ম্যাপ

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ২১:১৯

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের এক শিশুর হত্যাকাণ্ড ঘিরে রহস্য দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি শনাক্ত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

ঘটনার অনুসন্ধানে সোমবার এলাকায় যান সাংবাদিক রিয়াদুল ইসলাম বাবু, এস এম রাফি এবং ফয়সাল হক। তারা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করলে একই এলাকার বাসিন্দা মহিউদ্দিন আহমেদ তাদের বাধা দেন।

সাংবাদিকদের দাবি, ওই ব্যক্তি তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এতে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক রিয়াদুল ইসলাম বাবু বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। আমরা তথ্য সংগ্রহ করছিলাম। হঠাৎ করে আমাদের ওপর চড়াও হয়ে বাধা দেওয়া হয়।’ এস এম রাফি বলেন, ‘সংবাদ সংগ্রহে গিয়ে আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং অপমানজনক ভাষা ব্যবহার করা হয়, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। এদিকে অভিযুক্ত মহিউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, ‘শিশু হত্যার ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত অগ্রগতি হবে।’ তবে এখনএ পর্যন্ত রহস্য উদ্ঘাটনে দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসীর উদ্বেগ কাটেনি।
 

আরও পড়ুন

×