ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শিক্ষক বহনকারী মাইক্রোবাসে শটগানের গুলির সন্দেহ

শিক্ষক বহনকারী মাইক্রোবাসে শটগানের গুলির সন্দেহ
×

দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটির পেছনের কাঁচ ভেঙে যায়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৭:৫৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৮:৩৮

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার শিক্ষকদের ভাষ্য, এ সময় মাইক্রোবাসটির পেছনের কাঁচ ভেঙে যায়। কাঁচের টুকরো ভেতরে থাকা শিক্ষকদের ওপর ছিটকে পড়ে। পেছনের কাচে শটগানের গুলির মতো আঘাত রয়েছে বলে তারা অভিযোগ করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই মাইক্রোবাসে করে সরকারি রাজেন্দ্র কলেজের একাধিক শিক্ষক শহর ক্যাম্পাস থেকে বায়তুল আমান ক্যাম্পাসে যাচ্ছিলেন। চাঁনমারি ঈদগাঁ মোড় অতিক্রম করার কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটির পেছনের কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে কাঁচে গুলির মতো একটি চিহ্ন দেখা যায়। এটি দেখে শিক্ষকদের ধারণা, কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে সেখানে গুলি ছোড়া হয়েছে। 

এক শিক্ষক বলেন, ‘ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই কাচ ভেঙে ভেতরে পড়ে। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে মনে হয়েছিল বড় কোনো দুর্ঘটনা ঘটেছে।’

অপর শিক্ষকের ভাষ্য, ‘আমরা নিয়মিত এই পথে যাতায়াত করি। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটি পরিকল্পিত নাকি আকস্মিক—তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. শাহিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জেনে তিনি মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা বলেছেন। জরুরি বৈঠক ডেকে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস.এম. আব্দুল হালিম বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে শটগানের গুলির মতো মনে হচ্ছে। তবে নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি, পেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×