মালিকদের দ্বন্দ্বে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে মঙ্গলবার দুপুর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাস যোগাযোগ আকস্মিক বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত ছিল বলে জানা গেছে।
জানা গেছে, বিরোধের সূত্রপাত নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন ‘আন্দান পরিবহন’ নামে একটি বাসকে কেন্দ্র করে। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের অভিযোগ, বাসটি নির্ধারিত নিয়ম বা ‘চেইন’ না মেনে যখন-তখন রাজশাহী-রংপুর রুটে চলাচল করছে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, রাজশাহীর একটি বাস দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় এই রুটে চালু হলে নাটোরের বাসটির সঙ্গে সময়ের বিরোধ তৈরি হয়। নাটোর পক্ষকে নিয়ম মেনে বাস চালানোর অনুরোধ করা হলেও তারা তা অমান্য করে এবং হুমকি দেয় যে, তাদের নিয়মেই বাস চলবে। এর জেরে সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হলে সংঘাত চূড়ান্ত রূপ নেয়।
রাজশাহী পক্ষের দাবি, সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়ার পাশাপাশি ঢাকাগামী বাসের কাউন্টারগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনা অভিমুখে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ বলেন, “আমরা কোনো বাস আটকাইনি; বরং সকালেই রাজশাহীতে আমাদের সাত-আটটি বাস আটকে রাখা হয়েছে। এরপর রাজশাহী থেকেই আর কোনো বাস ছাড়তে দেওয়া হচ্ছে না।”
রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সমস্যা সমাধানে উভয় জেলার জেলা প্রশাসকরা কথা বলেছেন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে নাটোরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। দুই জেলার পরিবহন মালিকরা দ্রুতই বৈঠকে বসবেন। আশা করছি খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে।
- বিষয় :
- বাস চলাচল
