শাবিতে ছাত্রদলের দেয়াল লিখন—গুপ্ত রাজনীতি বন্ধ চাই
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৩:৪৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’—স্লোগানে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে ছাত্রদলের উপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি গ্রহণ করেছেন। বিভিন্ন দেয়ালে গুপ্ত রাজনীতি বন্ধ চাই ছাড়াও ‘গুপ্ত রাজনীতির দিন শেষ-সবার আগে বাংলাদেশ’, ‘সাবধান পেছনে গুপ্ত ঘাতক’— ইত্যাদি স্লোগান লিখেন।
শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় ছাত্রদলের ওপর ইসলামী ছাত্রশিবির ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদেই আমরা দেয়াল লিখন কর্মসূচি পালন করছি। আমরা বিশ্বাস করি, ছাত্ররাজনীতি হবে উন্মুক্ত, স্বচ্ছ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত। কিন্তু কোনো সংগঠন সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে গোপনে রাজনৈতিক কার্যক্রম চালালে তা বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুস্থ রাজনৈতিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।’
ছাত্রদল নেতারা জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা অনৈতিক এবং এটি শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে। মুখোশ কোনো কৌশল হতে পারে না। তারা ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
- বিষয় :
- শাবিপ্রবি
