তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
জামালপুরে তিন মামলার রায়
জামালপুর আদালতের রায়ের পর বৃহস্পতিবার দুই আসামিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৭:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৭:২২
জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এই আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়।
একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মন্ডল, মো. আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছেন।
এ ছাড়া বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
