ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা’

মোংলায় পরিবেশকর্মীদের সমাবেশ

‘বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা’
×

‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ স্লোগানে রোববার সকালে মোংলার নারিকেলতলায় আয়োজিত সমাবেশের একাংশ। ছবি: সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৫:৫১

জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কারণে জ্বালানির দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বাগেরহাটের মোংলায় আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা ও ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি।

‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ স্লোগানে রোববার সকালে মোংলার নারিকেলতলা এলাকায় আয়োজিত সমাবেশে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন। ২৮-২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে খাদ্যদ্রব্যের মূল্য বাড়ছে, কৃষি ও শিল্প উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া শ্রমজীবী মানুষের আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জ্বালানি ব্যবস্থাকে জনগণকেন্দ্রিক ও গণতান্ত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তবে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে দ্রুত ন্যায্য ও টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় রূপান্তর নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ধরার কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।

সমাবেশে আরও বক্তব্য দেন নারীনেত্রী ও উদ্যোক্তা উম্মে রাফিয়া জাহান মিশু, ধরার নেতা ছবি হাজরা, ওয়াটারকিপার্স বাংলাদেশের এ্যাডলিনা পায়েল ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন

×