বালু লুটেরাদের হাত থেকে মাঠ-জমি বাঁচানোর দাবি
গোয়াইনঘাটের দক্ষিণ প্রতাপপুরে বালুচক্রের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দক্ষিণ প্রতাপপুরের খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে এবার মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকার শত শত নারী-পুরুষ। গতকাল সোমবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনকালে এলাকাবাসী অভিযোগ করেন, সরকার যাদের ইজারা দিয়েছে, তারা এখনও দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী বালুচক্র মাঠে নেমেছে। যুবদল নেতা পরিচয়ে কামরুল ইসলাম, খায়রুল ইসলাম, ফয়জুলসহ কয়েকজনের একটি চক্র এই বালু ব্যবসার সঙ্গে জড়িত। তারা সরাসরি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নাম সামনে রেখে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু তুলে নিয়ে যাচ্ছে।
মানববন্ধনে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। তারা জানান, ‘হাজীপুর বালুমহাল’ ইজারা দেওয়া হলেও সেখানে কোনো বালু নেই। ফলে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে। এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের ফলে এলাকায় ট্রাক ও ট্রাক্টরের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলাপকালে জানা যায়, গত রোববার রাতে বালুর ট্রাকের কারণে সৃষ্ট যানজটে আটকা পড়েন এক মূমুর্ষু রোগী। সঠিক সময়ে তাকে হাসপাতালে পৌঁছাতে না পারায় তার মৃত্যু হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছে।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, ময়না দেবনাথ, কাদির মৌলভী, নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।
দক্ষিণ প্রতাপপুর এলাকায় অবৈভাবে বালু উত্তোলন, ফসলি জমি ও খেলার মাঠসহ এর সঙ্গে জড়িতদের নিয়ে গত ১৮ এপ্রিল সমকাল ‘সিলেটের বালুখেকোরা আবার বেপরোয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী একজোট হয়ে সোমবার মানববন্ধন করেন। এর আগে একাধিকবার প্রশাসনে অভিযোগও দেন তারা। কিন্তু বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
- বিষয় :
- মানবন্ধন
