তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৩:৩৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক মোঃ জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সাথে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মোঃ শাহাজালালের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
গত ০৩ মে সন্ধ্যা ৭ টার সময় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন। আরজিনা আশঙ্কাজনকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি মামলা (মামলা নং-০৩),৪ মে রুজু করা হয়েছে এবং আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- পঞ্চগড়
- তেঁতুলিয়া
- হত্যা
