হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের দাবি
মৌলভীবাজার ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার জেলার হাওরসহ নিম্নাঞ্চলের ধানক্ষেত পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণসহ ১১ দফা দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অ্যাড. মঈনুর রহমান মগনু, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জ্যোতিষ মোহান্ত প্রমুখ।
কৃষকদের পুনর্বাসনে ৫ দফা দাবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ স্মারকলিপি দেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা কমিটির নেতারা।
৫ দফা দাবিগুলো হলো-দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে আগামী বোরো মৌসুম পর্যন্ত নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিশ্চিত করা, আসন্ন মৌসুমে চাষাবাদের জন্য বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা, ধান-চাল সংগ্রহ অভিযানে লটারির জটিলতা পরিহার করে কৃষি কার্ড ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা, ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য কৃষকদের অংশগ্রহণে গণশুনানি আয়োজন ও প্রকৃত সুবিধাভোগীদের নিয়ে পিআইসি গঠন নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এলাকার মৃতপ্রায় খাল ও নদীগুলো খনন করা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক শামীম আহমদ ও সদস্য সচিব আমিনুল হক সিপন।
ইউএনও নজরুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হাওর
