শিবগঞ্জের সেই তিন ইউনিয়নের নাম বদলের শুনানি কাল
ছবি: ফাইল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৮:২১
বগুড়ার শিবগঞ্জের মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণশুনানির দিন ধার্য করেন।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এর পর জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ওই তিন ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে গতকাল দুপুরে জরুরি সভায় বসেন। সভায় আগামীকাল সকাল ১০টায় গণশুনানির সময় ঠিক করা হয়। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।
নিজের বংশ ও দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ করে সম্প্রতি আলোচনায় আসেন শিবগঞ্জের এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয় এবং ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে সংসদকে তিনি জানান, তাঁর বংশ ও ছেলেদের নবগঠিত ইউনিয়নের নামকরণ ছিল মিরাকল।
গণশুনানির বিষয়ে মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, তাঁর দায়িত্বে থাকা ইউনিয়নটির নাম পরিবর্তনের শুনানি সকাল ১০টায় বেতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে। শুনানিতে অংশ নিতে আজ সোমবার থেকে এলাকায় মাইকিং এবং মসজিদ, হাটবাজারসহ জনবহুল স্থানে নোটিশ টানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এলাকার ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের নামে নামকরণের প্রতি গুরুত্ব দেওয়া হবে।
একই সময়ে সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি হবে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে। ইউনিয়নটির প্রশাসক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, শুনানির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
একই কথা বলেন দিগন্ত ইউনিয়নের প্রশাসক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, তাঁর ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি হবে মোকামতলা উপজেলার ভরিয়া উচ্চ বিদ্যালয়ে।
শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির প্রতি গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে।
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় মীরবাড়ী। অন্যদিকে, নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম রাখা হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এই চার ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি মীরবাড়ীর নামে একটি এবং তাঁর দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়।
জামিনে মুক্ত অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলাম জামিনে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শীর্ষক প্রতিবেদন ও ফটোকার্ড প্রচারের ঘটনায় আদালতে করা মানহানির মামলায় গত বৃহস্পতিবার রেজানূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন সমকালকে জানান, বিকেল সোয়া ৫টার দিকে রেজানূরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মেজবা জানান, দুপুর ১২টার দিকে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গত ১৮ জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে রেজানূর ইসলামকে গ্রেপ্তার করে।
বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক তানভীর আলম রিমনের করা ওই মামলায় ঢাকা থেকে প্রকাশিত অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিনজনকে মামলার আসামি করা হয়। তানভীর আলম রিমন নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন। তবে মামলা করার বিষয়ে প্রতিমন্ত্রী তাঁকে কোনো নির্দেশনা দেননি বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- বগুড়া
