নেতার ছেলে ইয়াবাসহ আটক ছবি তোলায় মারধর
নারায়ণগঞ্জের আড়াইহাজার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বহনের অভিযোগে এক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে থানায় তাঁর ছবি তোলার জেরে যুবদলের সাবেক এক নেতাকে পিটিয়ে আহত করা হয়। গত বুধবার রাতে এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত বিএনপি নেতার মোবাইলে ছবি তোলাকে জেরে ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে পিটিয়ে জখম করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার সামাজিক কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। তিনি বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে। পরে তাঁকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খবর পেয়ে সেখানে জড়ো হন গাজী মাসুদের সমর্থকেরা। স্বাধীনকে আধাঘণ্টার মধ্যে সসম্মানে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে আলটিমেটাম দেন তারা। গোপালদী তদন্ত কেন্দ্র থেকে পরিস্থিতি আঁচ করতে পেরে আড়াইহাজার থানায় খবর দেওয়া হয়। একপর্যায়ে স্বাধীনকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, স্বাধীনকে আড়াইহাজার থানায় নেওয়া হলে তাঁর ছবি তুলতে গিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে থানা থেকে বাড়ি যাওয়ার পথে তালতলা এলাকায় নুরুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নূরুল ইসলাম জানান, গাজী মাসুদের লোকজন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। তাঁকে রক্ষা করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হয়েছেন।
তবে নুরুল ইসলামকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ। তিনি বলেন, বিশনন্দী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচন তিনি সম্ভাব্য প্রার্থী। তাই একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর পরিবারকে ফাঁসিয়ে বদনামের ভাগিদার করছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সাজাপ্রাপ্ত মোবারক করিম স্বাধীনকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। নুরুল ইসলামের ওপর হামলার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আটক
