ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আ.লীগ নেতা হত্যা মামলার আসামিকে দুবাই থেকে গ্রেপ্তার

আ.লীগ নেতা হত্যা মামলার আসামিকে  দুবাই থেকে গ্রেপ্তার
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার পলাতক আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ইন্টারপোলের রেড নোটিশে দুবাই পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে বার্তা পাঠায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেপ্তার আসামিকে দেশে নিয়ে আসে। গ্রেপ্তার আরিফের বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামে। গত ৬ মে নরসিংদীর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আরিফসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানকে তাঁর নিজ বাসায় গুলি করা হয়। একই বছরের ৩১ মে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরিফসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি হত্যা মামলা করেন তাঁর ছেলে আমানুর রশিদ খান। প্রথমে থানার পুলিশ মামলাটি তদন্ত করে। পরে বাদীর আবেদনে একই বছরের ২৩ জুন তদন্তের দায়িত্ব পায় নরসিংদী জেলা পিবিআই। সংস্থাটি তদন্তে নেমে এর আগে আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে। এই আসামি আদালতে আরিফসহ অন্যান্য আসামিদের ব্যাপারে তথ্য দেয়। সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় পিবিআই আসামি আরিফ সরকারের দুবাইয়ে অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। পরে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

আরও পড়ুন

×