ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হঠাৎ রদবদল সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হঠাৎ রদবদল সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
×

ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৯:৪৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হঠাৎ করে রদবদল করা যায় না। 

তিনি ব্যাখ্যা করেন, দুটি ব্যক্তির মধ্যে চুক্তি সহজে পরিবর্তন করা সম্ভব হলেও দুটি রাষ্ট্রের ক্ষেত্রে তা নয়। চুক্তির প্রতিটি ধারা দুই পক্ষের স্বার্থকে ভারসাম্যে রাখে—এটাই আসল ‘উইন-উইন সিচুয়েশন’। তবে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা বাস্তবায়নের সময় সামনে এলে তা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। 

মন্ত্রী শুক্রবার সকালে সিলেটের বাইশটিলা ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জ্বালানি তেলের সামান্য মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, এটি কেবল ওয়ান-টাইম স্পাইক (এককালীন অভিঘাত) যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বাড়াবে না। তিনি বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ায়, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও জানান, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে একজন ডেনিশ বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত কার্যক্রম সম্পন্ন হলে ইউনিট প্রতি খরচ কমে আসবে।

সরকারি কলকারখানা ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়। অদক্ষতার কারণে লোকসান হয়, জনগণের অর্থ অপচয় হয়। তাই লোকসানী প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং রাজস্ব আহরণ সম্ভব হয়। 

বাইশটিলা এলাকায় জেলা পরিষদের ৪৩ একর জায়গায় গড়ে উঠছে নতুন ন্যাচারাল পার্ক। এখানে থাকবে ক্যাবল কার, রোপ ব্রিজসহ শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য নানা বিনোদন সুবিধা। জেলা পরিষদ ইতোমধ্যে একটি মাস্টারপ্ল্যান করেছে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এটি সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

এর আগে সকালে সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী। এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×