সেমিনারে চসিক মেয়র
মেজবানসহ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে চট্টগ্রামে হৃদরোগ বাড়ছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
মেজবানসহ অতিরিক্ত গরুর মাংস খাওয়ার প্রবণতাকে চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগ বাড়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরল শরীরে নানা জটিলতা তৈরি করে। গতকাল শুক্রবার নগরের প্রবর্তক সংঘের মাস্টারদা সূর্যসেন অডিটোরিয়ামে ‘হার্ট অ্যাটাক: প্রতিকার ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, চট্টগ্রামে হৃদরোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ডা. শাহাদাত হোসেন বলেন, ‘হৃৎপিণ্ড ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, টেনশনমুক্ত জীবনযাপন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের বিকল্প নেই। যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। তাই এসব রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে হৃদরোগসহ জটিল অনেক রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে সচেতন রাখলে অনেক রোগ থেকেই দূরে থাকা যায়।
সভাপতির বক্তব্যে প্রবর্তক সংঘের (বাংলাদেশ), চট্টগ্রামের সভাপতি শ্রী ইন্দু নন্দন দত্ত বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রবর্তক সংঘ প্রায় ৭০০ অনাথ ছেলে-মেয়ের শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব পালন করছে এবং জনসচেতনতায় কাজ করে যাচ্ছে। আমরা চাই মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন হোক এবং নিজেদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনুক। সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ ‘হার্ট অ্যাটাক : প্রতিকার ও প্রতিরোধ’ বিষয়ে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।
- বিষয় :
- চসিক
