ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলে ফিরেছেন

আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলে ফিরেছেন
×

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে শনিবার কক্সবাজারের টেকনাফে ফিরিয়ে আনা হয়। ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:২৩

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার নাফ নদীর শূন্যরেখায় তাদের গ্রহণ করার পর পৌর এলাকার জালিয়াপাড়ায় অবস্থিত টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আনা হয়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা অপহরণের শিকার হয়েছিলেন। 

বিজিবি সূত্র জানায়, ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি জেলে, একজন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা)। ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। অসতর্কতাবশত এই জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার অঞ্চলের কর্মকর্তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তাদের ধারাবাহিক প্রচেষ্টায় এই জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে এখনো যেসব বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক আছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। 
 

আরও পড়ুন

×