ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈশ্বরদীতে মাদক অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঈশ্বরদীতে মাদক অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
×

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৫৯ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৩:৩২

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার নতুনহাট মোড়ে এ অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি এলাকায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভীতি সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রবের বসতবাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৩টি তাজা কার্তুজ এবং ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×