ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
×

আহত তিন র‍্যাব সদস্য। ছবি: সমকাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৮:৪১ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৮:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় তাদেরকে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন- হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া এবং কনস্টেবল মো. আব্দুল মালেক।

সোমবার সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বলিয়ারা পাড়ায় এ ঘটনা ঘটে। সফিক ডাকাত ওরফে চোরা সফিক ও তার বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে র‍্যাব। 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান চালিয়ে চোরা সফিকের অন্যতম সহযোগী আব্দুল কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল কাদের (৬২), মো. রাহিম (২০), আব্দুর রহমান (অপু মিয়া) (১৮), মো. নূর আলম (১৬), এবং ছানোয়ারা (৪৮)। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে। এ সময় তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র—একটি রামদা, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।

সফিক ডাকাত ওরফে চোরা সফিক ও তার বাহিনীর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী সাংবাদিকদের এসব তথ্য জানান।

কমান্ডার নূর নবী জানান, বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র‍্যাবের চার সদস্য সংক্ষিপ্ত রাস্তা হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। খাগাতুয়া গ্রামে প্রবেশ করলে চোরা সফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। পরিচয় দেওয়ার পরও র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি জানান, হামলার সময় অভিযানে অংশ নেওয়া সার্জেন্ট ফারুক কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তবে হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া এবং কনস্টেবল মো. আব্দুল মালেককে আটক করে মারধর করা হয়। পরে তাদের একটি বাড়িতে নিয়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে র‍্যাব-৯-এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ তিন সদস্যকে উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। 

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে খাগাতুয়া গ্রামের চোরা সফিক, সাদ্দাম ও আলমের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল তাদের প্রতিপক্ষ ভুক্তভোগীদের পাঠিয়েছে ধারণা করে তাদের ওপর আক্রমণ চালায়। র‍্যাব পরিচয় দেওয়ার পরও তারা তাদের ভুয়া র‍্যাব বলে মারধর করে।

মঙ্গলবার বিকেলে নবীনগর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, আমরা জেনেছি র‍্যাব এ ঘটনার পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। আসামিদের আমাদের থানায় এখনও হস্তান্তর করা হয়নি।  

আরও পড়ুন

×