ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাটোরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

নাটোরে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য
×

ছবি-সংগৃহীত

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২১:৪০

নাটোরের লালপুর উপজেলায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য। গত মঙ্গলবার রাতে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে সোহাগ মাহমুদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আহত র‍্যাবের সদস্যদের মঙ্গলবার রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে র‍্যাবের সদস্য শাহীন হোসেন ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যারাকে ফিরেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম সাদা পোশাকে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় যায়। এ সময় সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন র্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চায়। পরে র‍্যাব সদস্যরা তাদের পরিচয় দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে আসতে চান। তখন তর্কাতর্কির এক পর্যায়ে র‍্যাব সদস্যদের একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় তারা। র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় ওই যুবকরা।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে র‍্যাবের পাঁচ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র‍্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি র‍্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছেন। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় বুধবার র‍্যাবের এএসআই পারভেজ মুন্সী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লালপুর থানায় মামলা করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে। আটক সোহাগকে এ মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×