ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন বিদ্যালয় তালাবদ্ধ, ১২ শিক্ষককে শোকজ

তিন বিদ্যালয় তালাবদ্ধ, ১২ শিক্ষককে শোকজ
×

 ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগরে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের দেখা পাননি। এমনকি তালাবদ্ধও পান বিদ্যালয়। এ ঘটনায় ১২ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। 

এদিকে বিদ্যালয়গুলোতে শিক্ষক না থাকা ও এমপির পরিদর্শনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মান ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।
সংসদ সদস্য কামরুল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়গুলো তালাবদ্ধ পাওয়া যায়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও তিনটি বিদ্যালয়ের ১২ জন শিক্ষকের কাউকেই বিদ্যালয়ে পাওয়া যায়নি। এ নিয়ে এমপি অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তখনই মুঠোফোনে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। 

কারণ দর্শানো নোটিশ পাওয়া শিক্ষকেরা হলেন, কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা সান্যাল, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার পাল, জলি রানী সরকার ও স্মৃতি দে। আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপা রানী তালুকদার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, রাজীব চন্দ্র রায় ও রুবেল তালুকদার। দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী রায়, সহকারী শারমিন আক্তার, মানিক সরকার ও রনবীর সরকার। 
এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, বিদ্যালয়গুলো পরিদর্শন করে কোনো শিক্ষককে পাওয়া যায়নি। এটি দুঃখজনক। আমাদের এই অঞ্চল অন্য অঞ্চলের তুলনায় অন্তত ৫০ বছর পিছিয়ে আছে। এ হাওরাঞ্চলে এগিয়ে নিতে হলে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

আরও পড়ুন

×