ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী 

নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী 
×

রাঙামাটিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি কুমন লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। 

রাঙামাটি অফিস

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৯:০০

নতুন প্রজন্মকে দক্ষ আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্য করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে অবহেলিত ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর আধুনিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

পার্বত্য মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ শীঘ্রই পুনঃগঠন করা হবে। পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এটি একটি বড় ও জটিল প্রক্রিয়া, তাই এখানে কোনো প্রকার ভুল হতে দেওয়া যাবে না। তবে পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনেই সকল জাতিসত্ত্বার সদস্যসহ সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এই জেলা পরিষদগুলো গঠন করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দীক্ষিত করতে বিদেশী আধুনিক শিক্ষা পদ্ধতি যেন আমাদের দেশের শিক্ষার্থীরা সহজেই আয়ত্ত করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার সবসময় আন্তরিক। এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগকে সরকার বিশেষভাবে উৎসাহিত ও সহযোগিতা করে আসছে। এ প্রশিক্ষণ কার্যক্রম পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।’

রাঙ্গাপানি মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোনঘর কার্যনির্বাহী কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনঘর কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদদ কীর্তিনিশান চাকমা, জাইকা বাংলাদেশ অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা, ব্র্যাক কুমন লিমিটেডের ডেপুটি ম্যানেজার অনন্য হক প্রমুখ। 

আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এই কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে ‘কুমন’ পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। জাপানে উদ্ভাবিত এবং বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ‘কুমন’ পদ্ধতি শিশুদের আত্মশিক্ষা, মনোযোগ বৃদ্ধি এবং যেকোনো জটিল সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। 

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আট শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। উদ্বোধনীর শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন

×