ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাল খনন কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন: পানিসম্পদমন্ত্রী

খাল খনন কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন: পানিসম্পদমন্ত্রী
×

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০০:০১

খাল খনন কর্মসূচি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। 

আজ শনিবার বিকেলে তিনি সদর উপজেলার কুশাখালী এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন গ্রামের ১ হাজার ১৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা নির্যাতিত হয়েছি। জেলে যেতে হয়েছিল। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে কাজ করছি। তিন মাসের মাথায় জেলার কুশাখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করেছি। 

পানিসম্পদমন্ত্রী বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। চন্দ্রগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল এটা, যার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে তিন মাসের মাথায় বাস্তবায়ন করেছে। চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, লক্ষ্মীপুরের মানুষের দাবি-উন্নয়ন বঞ্চনা কাটিয়ে লক্ষ্মীপুরকে একটি আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ জেলায় রূপান্তর করা। লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কথাও জানান মন্ত্রী।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এমপি আবুল খায়ের ভুঁইয়া, এমপি শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

×