ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাতনিকে অপহরণে বাঁধা দিতে গিয়ে প্রাণ হারালেন দাদি

নাতনিকে অপহরণে বাঁধা দিতে গিয়ে প্রাণ হারালেন দাদি
×

গ্রেপ্তার হারুন রশিদ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৮:২১ | আপডেট: ১৭ মে ২০২৬ | ২১:১০

সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে অপহরণের সময় বাঁধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন দাদি দিলারা বেগম (৫৪)। শুক্রবার উপজেলার বীরমঙ্গল হাওরের মাটিকাঁপা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন দিলারার ছেলের বউ সাজনা বেগম ও নাতনি। এ ঘটনায় হারুন রশিদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

হারুন বীরমঙ্গল হাওর এলাকার তাজ উদ্দিনের ছেলে। র‌্যাব-৯ সিলেটের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। হারুন রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কয়েক দুর্বৃত্ত আম্বিয়া আহমেদের বসতঘরে প্রবেশ করে। তারা আম্বিয়ার ১৩ বছরের মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে। দাদি দিলারা বেগম বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আম্বিয়ার মেয়েও আহত হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাজনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে র‌্যাব-৯ এর সহযোগিতায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি হারুন রশিদকে মাটিকাপা গ্রাম থেকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।'

ওসি জানান, গ্রেপ্তার হারুন ওমানে থাকাকালীন নিহত দিলারা বেগমের ছেলে আম্বিয়া আহমেদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে তার মেয়েকে অপহরণ চেষ্টা করা হয়।

আরও পড়ুন

×