শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১, আহত ১৮
জমি নিয়ে বিরোধের সংঘর্ষে বাড়িতে হামলা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৯:৪২
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কেকেরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (৩২) ওই গ্রামের কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের নাম জানা গেছে তারা হলেন— আজিরন (৮০), মাহালাম (৪৫), শরিফ (১৮), শামীম (২৮), নজরুল (১৮) ও হাজেরা। গুরুতর আহত পাঁচজনকে শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মেম্বার নূরল আমিনের সঙ্গে প্রতিবেশী আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ মে রাতে নূরল আমিন লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেন এবং বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। গুরুতর আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষ নূরল আমিন মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মোফাজ্জল হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার তাহেরাতুল আশরাফী জানান, বেলা সোয়া ১১টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হলে আশরাফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- বিরোধ
- জমি নিয়ে সংঘর্ষ
- নিহত
