ডেপুটি স্পিকার বললেন
অনেক অসহায় মানুষ ফ্যামিলি কার্ডের বাইরে রয়ে গেছেন
কায়সার কামাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ ও প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত শনিবার বিকেলে কলমাকান্দা জেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রথমে হতদরিদ্র, এরপর অতি দরিদ্র এবং পরে দরিদ্রদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতায় অনেক প্রকৃত অসহায় মানুষ তালিকার বাইরে রয়ে গেছেন। তিনি বলেন, নির্বাচনের সময় আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। তখন বলেছিলাম, এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তথ্য সংগ্রহে ত্রুটির অভিযোগ তুলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীরা অপেক্ষাকৃত সচ্ছল বাড়িতে গেছেন, কিন্তু যেসব ঘরে বসার চেয়ার নেই, ছনের চালও নেই কিংবা ঘরে ঢোকাও কষ্টকর- সেই প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো হয়নি। তিনি ভবিষ্যতে এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, প্রথমবার হওয়ায় ভুলত্রুটি হতে পারে। তবে পরবর্তীতে এ ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহআলম, ইউএনও এস এম মিকাইল ইসলাম ও লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডেপুটি স্পিকারের সতর্কবার্তার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে গতকাল সোমবার রাতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমাকে ছাড়া সব মাঠ অফিসারকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। এ ছাড়া আজ (গতকাল) ঢাকার অধিদপ্তর থেকে আসা ২০ সদস্যের একটি দল ৭৯৪ জনের প্রণয়নকৃত তালিকা যাচাই-বাছাই করছেন। যাচাই শেষে প্রকৃত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত হবে এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, ঢাকা সমাজসেবা অধিদপ্তরের একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ (গতকাল) কলমাকান্দায় এসেছে। তারা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছেন এবং তিন দিন অবস্থান করবেন। জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. শাহআলম কলমাকান্দা অফিসের স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকেও প্রত্যাহার করা হবে।
- বিষয় :
- মন্ত্রিসভা
