ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আ’লীগ নেতার ভাইয়ের বাড়ির গেটে পড়ে ছিল ব্যাগ, খুলতেই মিলল বোমা ও চিরকুট

আ’লীগ নেতার ভাইয়ের বাড়ির গেটে পড়ে ছিল ব্যাগ, খুলতেই মিলল বোমা ও চিরকুট
×

উদ্ধার হওয়া বোমা

‎মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৮:২৭

মেহেরপুরের গাংনীতে এক আওয়ামী লীগ নেতার ভাইয়ের বাড়ির গেট থেকে বোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চর গোয়াল গ্রামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল আলমের বড় ভাই আতিকুর রহমান হানিফের বাড়ির গেট থেকে বোমা ও চিরকুট উদ্ধার করা হয়। 

আতিকুর রহমান হানিফ উপজেলার চর গোয়াল গ্রামের রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো একটি বোমা ও একটি চিরকুট দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা ও চিরকুট উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

গত ৩ মে চর গোয়াল গ্রাম থেকে বোমা ও চিরকুট, ৬ মে তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে বোমা ও চিরকুট, ১৭ মে সকালে উপজেলার হাড়াভাঙ্গা হাজীপাড়ায় বোমা, কাফনের কাপড় ও চিরকুট, ১৮ মে জোড়পুকুরিয় গ্রামে বিএনপির ১৮ নেতা কর্মীকে হত্যার হুমকি সম্বলিত চিরকুট, বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন

×