বগুড়ায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৭:১০
বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে সোনিয়া খাতুন (২৯) নামের এক নারী ও তার ১০ বছর বয়সী মেয়ে মেহা মনির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে কাহালু উপজেলার শিকড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোনিয়া ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তার শিশু মেয়ে মেহা মনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। বেশ কিছুদিন ধরে সোনিয়া তার মেয়েকে নিয়ে শিকড় গ্রামে বাবা আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার সকালে সোনিয়ার মা এবং ভাবী বাড়ির উঠানে ভাত রান্না করছিলেন। এমন সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে প্রতিবেশীরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরেই আগুনে পুড়ে মারা যান সোনিয়া খাতুন। তার মেয়েকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর এ মোর্শেদ বলেন শিশুটির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। যার কারণে চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যায়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন। এ কারণে তারা ধারণা করছেন, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই কেরোসিন তেল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- আগুনে পুড়ে মৃত্যু
- বগুড়া
