পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বাঁ থেকে শাহাদাত হোসেন সামি (১৬) ও ওয়ালিদ আল তাসনিম (১৭)। ছবি: সংগৃহীত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৬:১১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে কমলমুন্সিরহাট আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কচুয়াই ইউনিয়নের আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬) ও জাহিদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসনিম (১৭)।
শাহাদাত হোসেন সামি চক্রশালা কৃষি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওয়ালিদ আল তাসনিম আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গুরুতর আহত মুহাম্মদ তানভীর জয় (১৮) এবার চক্রশালা কৃষি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি একই এলাকার আবদুল আলমের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহাদাত হোসেন সামির মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় ওয়ালিদ আল তাসনিম ও মুহাম্মদ তানভীর জয়কে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়ালিদ আল তাসনিম মারা যান।
কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মুহাম্মদ পাড়ার বাসিন্দা মুহাম্মদ জসিম বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে করে পটিয়ার দিকে যাচ্ছিল। পথে কমলমুন্সিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুচিতা দেব বলেন, আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যায়। অন্য দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- পটিয়া
- সড়ক দুর্ঘটনা-২০২৬
