খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘের থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:২৫
খুলনার মহেশপাশা এলাকায় ওমর ফারুক ওরফে রাব্বি (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশপাশা পাশ্চিমপাড় খুটিরঘাট এলাকার একটি ঘের হতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও বুকের মাঝখানে দুটি গুলির চিহ্ন রয়েছে।
নিহত রাব্বি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম শেখের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদুল ইসলাম জানান, সকালে এক ব্যক্তি ঘেরের পাশে মরদেহ দেখে দৌলতপুর থানার ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওমর ফারুক ওরফে রাব্বির লাশ পড়ে থাকতে দেখে। তার মাথায় এবং বুকের মাঝখানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখে বড় বোনের কাছে পুলিশ ফোন দিয়ে তার পরিচয় নিশ্চিত হয়।
তিনি জানান, নিহত রাব্বি খুলনার দৌলতপুরে তার মা ও বোনের সঙ্গে বাস করত। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তার বাবাকে খুলনায় আসার জন্য খবর দেওয়া হয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, ধারণা করা হচ্ছে রাতে তাকে গুলি করে হত্যা করে ওই মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত গুলির খোসা পাওয়া গেছে। নিহত ব্যক্তি স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, খুলনায় চলতি বছরের ২২ মে পর্যন্ত ১১টি হত্যাকাণ্ড হয়েছে। গত বছর হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৩৭। বেশিরভাগ গুলি করে হত্যার সঙ্গে কয়েকটি সন্ত্রাসী গ্রুপের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।
- বিষয় :
- খুলনা
- গুলি করে হত্যা
- মরদেহ উদ্ধার
