ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যমুনা সেতুর পূর্বপ্রান্তে নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

যমুনা সেতুর পূর্বপ্রান্তে নেই যানজট, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি
×

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৮:২৯

যমুনা সেতু চালুর পর থেকে এ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২২টি জেলার যানবাহন চলাচল করে। সাধারণত প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার গাড়ি চলাচল করে এ মহাসড়ক দিয়ে। তবে ঈদের ছুটিতে তা বেড়ে হয় প্রায় ৫০ থেকে ৬০ হাজার। এতো বিপুল সংখ্যক গাড়ির চাপে টোলপ্লাজা মাঝে মধ্যেই বন্ধ রাখতে হয়। এছাড়াও ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে গাড়ির সাড়ি দীর্ঘ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে এবার ঈদুল আজাহায় আজ সোমবার বিকলে পর্যন্ত টাঙ্গাইল শহর বাইপাস নগড়জলফৈই থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় কোনো যানজট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে বাসের সংকটে অনেকেই ট্রাকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যাচ্ছেন। 

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক কাউসার হোসেন বলেন, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর দুর্ঘটনা, টোলপ্লাজা বন্ধ, এলেঙ্গা ফ্লাইওভার নির্মাণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল এছাড়াও অতিরিক্ত বৃষ্টি হলে যানজটের সৃষ্টি হয়। আমরা যানজটের মূল বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছি। গত ঈদুল ফিতরের সময় আমরা যানজটের কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছিলাম। ফলে এবার তেমন কোনো যানজট হয়নি। সোমবার বিকেল পর্যন্ত স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। তবে গাড়ির চাপ বাড়ছে। 

ট্রাফিক পুলিশের পরিদর্শক আনিসুর রহমান বলেন, যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।  

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। আজ সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৬২ লাখ ৩৫হাজার ২৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ১৭  হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা 

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক লেন করা হয়েছে।

আরও পড়ুন

×