ঝড়ে ভবনের দেয়াল ধসে পড়ে নিচের টিনশেড ঘরে, শিশুসহ আহত ৫
ঝড়ো হাওয়ার সময় একটি চারতলা ভবনের ছাদের ইটের কার্নিশ ধসে নিচে টিনসেড ঘরের ওপর পড়ে। ছবি: সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১৫:৫০
শরীয়তপুরে ঝড়ো হাওয়ার সময় একটি চারতলা ভবনের ছাদের ইটের কার্নিশ ধসে নিচে টিনসেড ঘরের ওপর পড়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকালে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন-খুকু মনি (৩৫), সানজিদা (৮), খাদিজা আক্তার (৮), নাছির উদ্দিন (৪০) ও সিমু আক্তার (২৫)। তারা সবাই ওই টিনসেড ঘরের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় এক দশক আগে আদর্শনগর এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তি চারতলা ভবন নির্মাণ করেন। পরে ভবনের ছাদের চারপাশে ইটের কার্নিশের দেয়াল তৈরি করা হয়। বুধবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ওই কার্নিশের একটি অংশ ভেঙে নিচের টিনসেড ঘরের ওপর পড়ে। এতে ঘরের চালা ভেঙে ভেতরে থাকা পরিবারের সদস্যরা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধ্বংসাবশেষ ঘরের ভেতরে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে তারা জানান।
আহত নাছির উদ্দিন বলেন, তারা ঘরের ভেতরে বসে কথা বলছিলেন, হঠাৎ বিকট শব্দে পেছন দিক থেকে কার্নিশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরের চালা ভেঙে পড়ে এবং ইটের আঘাতে তারা আহত হন। কোনোভাবে প্রাণে বেঁচে যান বলে জানান তিনি।
ঘটনার পর ভবনের মালিক আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় থাকায় কার্নিশটি দুর্বল হয়ে পড়ে। ঝড়ো হাওয়ায় সেটি ধসে পড়ে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
