ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন
×

ওভারটেক করার সময় ঈগল পরিবহনের একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি  

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২২:৩৬ | আপডেট: ২৮ মে ২০২৬ | ২৩:০৯

চট্টগ্রামে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম সমকালকে জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। তবে দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাত পৌনে ১০টায় ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার উপপরিদর্শক পরিতোষ জানান, ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া হতাহতের প্রকৃত সংখ্যাও জানা যায়নি। 

 দুর্ঘটনার পর সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঈগল পরিবহনের বাসটি

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, কর্ণফুলীর মইজ্জারটেক থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ঈগল পরিহনের বাসটি ওভারটেক করে লেগুনাকে ধাক্কা দেয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাস চালক পালিয়ে গেছে। 
 

আরও পড়ুন

×