ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪ বছর বয়সী মার্কিন নাগরিককে অপহরণের চেষ্টা, আটক ৩

৪ বছর বয়সী মার্কিন নাগরিককে অপহরণের চেষ্টা, আটক ৩
×

ছবি: সংগৃহীত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি  

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৮:৩৫

কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- টেকনাফের নতুন পল্লানপাড়ার শাহাব উদ্দিন (২৮), নাইটংপাড়া এলাকার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লানপাড়ার আব্দুর রজব মিয়া (৩৫)।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে টেকনাফের শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র‍্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা সংবাদ পান যে নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় জনতা তিন অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। 

র‍্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের বরাতে র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের সড়ক থেকে তাঁর ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগনেকে একা পেয়ে অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা। স্থানীয়দের তৎপরতায় শিশুটি উদ্ধার হয় এবং অপহরণকারীরা ধরা পড়ে।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

আরও পড়ুন

×